পলিটেকনিকে অনলাইনে ভর্তি কারিগরি শিক্ষায় মাইলফলক : শিক্ষামন্ত্রী  ঢাকা, ২৩ জুলাই, ফোকাস বাংলা নিউজ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনলাইন ভর্তি পদ্ধতি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ ও দ্রুততর করবে। এর ফলে কারিগরি শিক্ষা খাতে স্থাপিত হচ্ছে ডিজিটাল পরিবর্তনের এক নতুন মাইলফলক। যোগ্য ও মেধাবী প্রার্থীদের ভর্তি এসব প্রতিষ্ঠানের অনিয়ম দূর করে গতিশীলতা বৃদ্ধি করবে। লেখাপড়ার মান বৃদ্ধি পাবে। ফলে অধিক দক্ষ মানবসম্পদ বেরিয়ে আসবে।
শুক্রবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্ল্লাস ও সিরামিক্স ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পরিদর্শন কালে তিনি একথা বলেন। এ সময় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্মসচিব কে এম মোজাম্মেল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধরসহ উধর্্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ পালন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। এর গুণগত মানোয়ন্ননের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি করে দারিদ্র বিমোচন সম্ভব হবে।
উল্লেখ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১০-১১ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৪৯টি পলিটেকনিক ও সমমানের প্রতিষ্ঠানে ৩২টি টেকনোলজিতে ১০,১৬০টি আসনের বিপরীতে ৫৩,২৯৪ জন প্রার্থী পরীক্ষা দিচ্ছে। এই প্রথম বারের মত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্নকরণ, প্রবেশপত্র বিতরণ এবং ও এমআর সীটের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর কম্পিউটারে সংগ্রহ করে রেজাল্ট প্রস্তুত করার ব্যবস্থা করা হয়েছে।
শাকিল/ফোকাস বাংলা/১৬০০ঘ./জেডআর
|
|
|