সংবিধান সংশোধনের দায়ভার সরকারকেই নিতে হবে : সাকা  ঢাকা, ২৬ জুলাই, ফোকাস বাংলা নিউজ : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে বিএনপির কোন সদস্যের প্রয়োজন নেই। সরকার জনস্বার্থে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধানের কোন সংশোধন করলে বিএনপি সংসদে গিয়ে তা পাস করতে ভোট দিবে। সংবিধান সংশোধনের সাফল্য-ব্যর্থতার দায়ভার সরকারকেই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার সকালে সাকা চৌধুরীর ধানমন্ডির নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, অতীতেও সংবিধান সংশোধনের জন্য দায়-দায়িত্ব একজনকেই বহন করতে হয়েছে। এখন যারা সংবিধান সংশোধনের বড় বড় কথা বলছেন, দায়-দায়িত্বের বেলায় তাদের খুঁজেও পাওয়া যাবে না। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্তক হওয়া উচিত।
বিশেষ কমিটিতে বিএনপির কোন সদস্যের প্রয়োজন নেই উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, দেশের স্বার্থ, গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য সংবিধান সংশোধন হলে বিএনপির কোন সদস্যের কমিটিতে যাওয়ার প্রয়োজন নেই। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার দিতে সংবিধান সংশোধন করলে বিএনপি কারো দাওয়াতের অপেক্ষায় থাকবে না। সংসদে গিয়ে তা পাস করতে ভোট প্রদান করেবে। এছাড়া জনগণের স্বার্থ পরিপন্থী কোন কাজের দায়-দায়িত্ব নিতে বিএনপি আগ্রহী নয়।
দেশের প্রবাণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সমপ্রতি সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপি'র চার নেতাকে এক/এগারোর জন্য দায়ী করেন- এমন বক্তব্য সম্পর্কে সাকা চৌধুরী বলেন, রফিকুল হক আমাকে বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুয়ায়ি একটি রিটে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে। আবার তাদেরকে বলেন, আইনের মাধ্যমে সহজে সাকাসহ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা যাবে। তিনি বলেন, উনার (রফিক-উল হক) বক্তব্য কোন অভিযোগ নয়। আমি মনে করি, উনি আমাকেসহ চারজনের জড়িত থাকার একটা তথ্য প্রকাশ করেছেন। কিন্তু আমার প্রশ্ন এ চারজনকে তখন উনি কি উপদেশ দিয়েছেন, তা তিনি বলেননি। এটা বললে আমি মন্তব্য করতে পারতাম।
বিএনপি'র এ নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে আওয়াম লীগই ছিল উদ্যোক্তা। এখন তারা তা বাতিল করতে যে আলোচনা করছে তাকে জনগণ সন্দেহের চোখে দেখছে।
বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত নিজেই ৭২-এর সংবিধান বিশ্বাস করেন না। যে কারণে তিনি তখন সই পর্যন্ত করেননি।
বিসমিল্লাহ ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে যত কথাই বলুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক অবস্থা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, আইন ও বিচার বিভাগ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সরকার কীভাবে যুদ্ধাপরাধের বিচার করে অন্য সকলের মতো আমিও সেদিকেই তাকিয়ে আছি।
সংবাদদাতা/আরএ/ফোকাসবাংলা/১৬২০ঘ/শা খা বর্ণ
|
|
|