শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য ওয়াশিংটনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী  ঢাকা, ২৬ জুলাই, ফোকাস বাংলা নিউজ ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার জন্য যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এহুদ বারাক ছয় দিনব্যাপী এ সফরের উদ্দেশে সোমবার রাতে তেলআবিব ছেড়ে যান। এ সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তার দফতরের এক মুখপাত্র বলেন, এহুদ বারাক যুক্তরাষ্ট্রের সিনিয়র সরকারি কর্মকর্তা ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠক করবেন।
তিনি আরো জানান, শনিবার সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।
সরাসরি শান্তি আলোচনা শুরু করতে ইসরাইল ও ফিলিস্তিনের ওপর বিশ্ব নেতৃবৃন্দের চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তিনি এ সফরে যাচ্ছেন। উল্লেখ্য, গত মে মাস থেকে উভয় পক্ষ মার্কিন মধ্যাস্থতায় পরোক্ষ আলোচনায় যুক্ত হয়েছে।
রোববার ইসরাইলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বারাক ও বান গাজা অভিমুখী ত্রাণবাহী বহরে চালানো ইসরাইলের কমান্ডো অভিযান সম্পর্কে তদন্ত করতে জাতিসংঘ প্রস্তাবিত কমিটি গঠনের ব্যাপারে আলোচনা করতে পাবেন। এ অভিযানে তুরস্কের ৯ ত্রাণকর্মী নিহত হয়।
জাতিসংঘ মহাসচিব প্রস্তাবিত এ প্যানেলে ইসরাইল ও তুরস্কের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। প্যানেলটি এখন পর্যন্ত গঠন করা না হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ প্যানেল ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে।
ইসরাইল এ অভিযানের ব্যাপারে তদন্ত কাজে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানায়।
মুকুল/ফোকাস বাংলা/শা খা বর্ণ
|
|
|