মান্নান ভূঁইয়ার অবস্থার মারাত্মক অবনতি 
ঢাকা, ২৭ জুলাই, ফোকাস বাংলা নিউজ : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। তার অবস্থা এখন আশংকাজনক। শরীরের বাম অংশের ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. বজলুর গনি ভূঁইয়া।
তিনি মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। অক্সিজেন গ্রহণের পরিমানও শতভাগে নেমে আসে।
ডা. বজলুর বলেন, তার রক্তচাপ স্থিতিশীল নয়। সোমবার রাতে তার রক্তচাপ কমে ২৬-৬০ এ নেমে আসে। পরে ওষুধ প্রয়োগ করে তা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে তার রক্তচাপ রেকর্ড করা হয়েছে ৭০-১১০। ফুসফুসে ক্যান্সারের কারণে শ্বাসনালীতে বসানো টিউবের মাধ্যমে মান্নান ভূঁইয়াকে কৃত্রিম যন্ত্রে ৮৫ ভাগ অক্সিজেন দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
অবস্থার অবনতির খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন মান্নান ভূঁইয়ার ছোট ছেলেসহ পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে হাসপাতালে ছুটে যান ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপি নেতারা। এদিকে, মান্নান ভূঁইয়ার পরিবারের সদস্যরা তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়ার চিকিৎসা শুরু হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়ার অবস্থার অবনতি হলে সেখানে ৫ জুন তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে মান্নান ভূঁইয়ার চিকিৎসা চলছে।
আরএ/ফোকাস বাংলা/১৫৩০ঘ./জেডআর/শা খা বর্ণ
|
|
|