ভিক্ষার ঝুলি নিয়ে বহির্বিশ্বে আর ঘুরতে চাই না : মতিয়া  ঢাকা, ২৭ জুলাই, ফোকাস বাংলা নিউজ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নিজের পায়ে দাঁড়াতে হবে। ভিক্ষার ঝুলি নিয়ে বহির্বিশ্বে আর ঘুরতে চাই না। কৃষির সম্ভাব্য ক্ষেত্রে উদ্বৃত্ত অর্জনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই।
মঙ্গলবার তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনের সমাপনী দিনের প্রথম অধিবেশনে কৃষিমন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে সমাপনী বৈঠকটি অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কৃষি সচিব সি কিউ কে মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন। এ অধিবেশনে ১৯টি জেলার বিভিন্ন সমস্যা নির্ধারিত আলোচ্যসূচি ছিল। রোববার থেকে জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়।
মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আর যাতে ভিক্ষার ঝুলি নিয়ে বহির্বিশ্বে ঘুরতে না হয় সেদিকেও নজর রয়েছে সরকারের। সে ক্ষেত্রে কৃষির সম্ভাব্য ক্ষেত্রে উদ্বৃত্ত অর্জনের পরিকল্পনা রয়েছে। আমাদের লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সম্ভাব্য ক্ষেত্রে উদ্বৃত্ত হওয়া এবং নিজের পায়ে দাঁড়ানো। সম্মেলনে মন্ত্রী কৃষির গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাণিজ্যিক কৃষি গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজে জেলা প্রশাসকদের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কোনো সমন্বয়হীনতা নেই। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মন্ত্রণালয় সার্বিক বিষয়ে নিয়মিত মনিটরিং করে। এনিয়ে কোনো ধরণের অভিযোগের সুযোগ নেই।
জিনান/ফোকাস বাংলা/জেডআর/১৫৫৫ঘ/শা খা বর্ণ
|
|
|